পাকিস্তানে দুর্বৃত্তের গুলিতে ৪ নারী ত্রাণকর্মী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় অন্তত চার নারী উন্নয়নকর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এক সময় পাকিস্তানি তালেবানের সদর দফতর বলে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানে সোমবার এই হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা সফিউল্লাহ গান্ডাপুর জানান, মির আলি শহরের কয়েক কিলোমিটার পূর্বে ইপ্পি গ্রামের কাছে সোমবার সকাল সাড়ে ৯টায় এই হামলা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উন্নয়নকর্মীদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির চালক আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গান্ডাপুর বলেন, এটি জঙ্গিপ্রবণ এলাকা। সব জায়গাতেই হুমকি রয়েছে।

তিনি আরও বলেন, এখানকার উপজাতীয় সংস্কৃতি হলো, কোনও নারীর অবাধ চলাফেরা গ্রহণযোগ্য নয়।

এক সময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের সদর দফতর ছিল উত্তর ওয়াজিরিস্তানে। পাকিস্তান সরকারকে উৎখাত করতে ২০০৭ সালে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। তাদের প্রভাবে এলাকাটিতে নারীদের চলাফেরা নিয়ন্ত্রিত ছিল। বেশির ভাগ এনজিওদের উন্নয়ন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

২০১৪ সালে ধারাবাহিক সামরিক অভিযানের পর পাকিস্তান তালেবানের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। এসব অভিযানে সেনাবাহিনী তালেবান নেতৃত্বকে আফগানিস্তানে হটিয়ে দিতে সক্ষম হয়।