আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ফের সক্রিয় হচ্ছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত দেবোরা লিয়নস। সেখানে আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকার এবং তালেবান প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এ সম্পর্কে অবগত দুইটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
এমন সময়ে তিনি এ সফরে যাচ্ছেন যার কদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ফাঁস হওয়া একটি গোপন চিঠি আফগান সংবাদমাধ্যমে আলোড়ন তোলে। ওই চিঠিতে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করলে তালেবান দ্রুত আরও এলাকা দখল করে নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
দোহা সফরে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খলিলজাদ এবং কাতারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন দেবোরা লিয়নস। এর এর মধ্যে গত সপ্তাহেই আফগানিস্তান ও পাকিস্তান সফর করেছেন জালমাই খলিলজাদ।
তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত চুক্তি ২০২১ সালের মে মাসে কার্যকর হওয়ার কথা ছিল। এর আওতায় আফগানিস্তান থেকে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে হোয়াইট হাউজে ক্ষমতার পালাবদলের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই বোঝাপড়া মেনে নেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
বাইডেন প্রশাসন চাইছে, মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে যেন তালেবানের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয় এবং সব ধরনের সন্তাসী কর্মকাণ্ডের অবসান ঘটে। এ প্রচেষ্টার সাফল্যের ওপরই আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টি অনেকাংশে নির্ভর করছে। বিষয়টি নিয়ে সম্প্রতি আফগান সরকারকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এতে আফগানিস্তানে আমূল পরিবর্তন এনে নতুন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা এবং ওই সরকারে তালেবানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করতে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা রাজি হলে কয়েক সপ্তাহের মধ্যে তুরস্কে সব পক্ষের মধ্যে আলোচনা করে তালেবানসহ সব পক্ষের মধ্যে নতুন একটি শান্তি চুক্তির সম্ভাবনা তুলে ধরছে মার্কিন প্রশাসন। নেপথ্যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আফগানিস্তানের রাজনৈতিক সদিচ্ছা যাচাই করে সেই পথে এগোনোর চেষ্টা শুরু হয়েছিল। তবে ওই চিঠি ফাঁস হয়ে যাওয়ায় বিভিন্ন পক্ষ চাপের মুখে পড়বে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত। ফলে তার এই সফর তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। সূত্র: রয়টার্স, ডিডব্লিউ।