ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপনের আহ্বান জানালেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, অতীত ভুলে নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। যাতে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
পাকিস্তানি সেনাপ্রধান বলেছেন, দুই দেশের উন্নতি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার অর্থনৈতিক সংহতির জন্যও এই সুসম্পর্ক জরুরি। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে এবং কাশ্মির নিয়ে ‘অনুকূল পরিবেশ’ তৈরি করার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মির। শান্তিপূর্ণ উপায়ে এই বিরোধের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে। আমরা মনে করছি অতীতকে ভুলে যাওয়ার সময় এসেছে। প্রতিবেশী হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে অতীত ভুলে।’
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে পাকিস্তান। তবে শান্তি ফেরানোর বিষয় প্রথম পদক্ষেপ ভারতকেই নিতে হবে।