মিয়ানমারের সশস্ত্রবাহিনীকে চাল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। শনিবার থাই সেনাবাহিনী জানিয়েছে, এটি স্বাভাবিক বাণিজ্যের অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সেনাবিরোধী বিক্ষোভে রক্তাক্ত দমনপীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছে। বিক্ষোভে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীকে সরাসরি কোনও সহযোগিতা অং সান সু চি’র নেতৃত্বাধীন উৎখাত হওয়া সরকারের সমর্থকদের সমালোচনার মুখে পড়বে। অভ্যুত্থানের পর থেকেই বন্দি করে রাখা হয়েছে সু চিকে।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিয়োজিত একটি সেনা ইউনিটের ৭০০ বস্তা চাল আটকে দিয়েছে থাই সেনাবাহিনী। অজ্ঞাত এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
থাই সেনাবাহিনীর নারেসুয়ান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমনাত শ্রিমাক বলেন, থাই সেনাবাহিনী মিয়ানমারের সশস্ত্রবাহিনী রসদ সরবরাহ করছে না এবং তাদের পক্ষ থেকে কোনও সহযোগিতার অনুরোধ বা সাহায্য চেয়ে কোনও দাবি করা হয়নি।
আমনাত আরও বলেন, যদি কিছু ঘটে থাকে আমার মনে হয় সেগুলো সীমান্ত পার হওয়া নিয়মিত বাণিজ্যের বিষয়। যদি আইন সম্মত ও কাস্টম বিধিমালা মানা হয়ে থাকে তাহলে আমরা কিছু আটকাচ্ছি না।
থাই সরকারের এক মুখপাত্র এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানায়নি।