মিয়ানমারে মুক্তি পেলেন বিবিসি’র সাংবাদিক

মিয়ানমারে আটক হওয়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক অং থুর মুক্তি পেয়েছেন। গত ১৯ মার্চ রাজধানী নেপিদোর একটি আদালতের বাইরে থেকে তাকে তুলে নেয় সাদা পোশাকের লোকজন। বিবিসির বার্মিজ সার্ভিসের হয়ে কাজ করেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি অভুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নির্বাচিত বেসামরিক সরকার উৎখাতের পর থেকে মিয়ানমারে অন্তত ৪০ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। এছাড়া অন্তত পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছে।

গত শুক্রবার বিবিসির সাংবাদিক অং থুরার সঙ্গে আটক হন স্থানীয় সংবাদমাধ্যম মিজিমার প্রতিবেদক থান হ্লটিক অং। এই মাসের শুরুতে মিজিমার লাইসেন্স প্রত্যাহার করে নেয় সেনা সরকার।

এই সাংবাদিকদের আটক করা ব্যক্তিরা একটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে আর তাদের পরিচয় জানতে চায়। এরপর থেকে নিজেদের প্রতিবেদকের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বিবিসি। সোমবার তার মুক্তির বিষয়ে নিশ্চিত হয়েছে বিবিসি, কিন্তু এর চেয়ে বেশি কিছু জানতে পারেনি।

জাতিসংঘের হিসেব অনুযায়ী মিয়ানমারে চলমান নাগরিক অসহযোগ আন্দোলনে অন্তত ১৪৯ জন নিহত হয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। মিয়ানমারের অন্যতম রক্তক্ষয়ী দিন ছিলো গত ১৪ মার্চ। ওই এক দিনেই ৩৮ বিক্ষোভকারী নিহত হয়।

ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও ওই সহিংসতার নিন্দা জানিয়ে বলা হয়, নিরাপত্তা বাহিনী নিরীহ বেসামরিক মানুষের ওপর নিষ্ঠুর সহিংসতা চালিয়েছে। ওই বিবৃতিতে তারা সেনা শাসন বাতিল, আটককৃতদের মুক্তি এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনও সেনাবাহিনীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছেন আর শান্তিপূর্ণ সমাধান খোঁজার ডাক দিয়েছেন।