ভারত-পাকিস্তান বৈঠক আজ

দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তান। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে তাদের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লিতে ওই বৈঠক হবে। ভারতের দুই কর্মকর্তা এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।]

দুই দেশের মধ্য দিয়ে অভিন্নভাবে প্রবাহিত নদীগুলোর পানিবণ্টন নিয়ে দ্বন্দ্ব অবসানে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু পানি চুক্তি’ হয়। ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’। চুক্তি অনুযায়ী, দু'দেশের প্রতিনিধিদের পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত কয়েক বছরে তা হয়নি। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে শেষবার দুই দেশ বৈঠকে বসেছিল ২০১৮ সালের আগস্ট মাসে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে ‘স্থায়ী সিন্ধু কমিশন’-এর দু'দিনের বৈঠক শুরু হতে যাচ্ছে। বৈঠকে অংশ নিতে সোমবারই নয়াদিল্লি পৌঁছেছে পাকিস্তানের সাত সদস্যের একটি টিম। সিন্ধু কমিশনার সৈয়দ মুহাম্মদ মেহের আলির নেতৃত্বে ওই টিম ভারতে পৌঁছেছে। ভারতীয় প্রতিনিধি ও পাকিস্তানের সিন্ধু কমিশনের বিশেষ টিম মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে।

এদিকে ভারতীয় সিন্ধু কমিশনের টিমকে নেতৃত্ব দেবেন পি কে সাক্সেনা। তার সঙ্গে বৈঠকে থাকবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপদেষ্টা, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ও ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা। ভারতের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়ে সাক্সেনা বলেন, আলোচনায় মতবিরোধ কাটানো সম্ভব। সেই চেষ্টাই করা হবে।

২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। তারপর থেকে ‘সিন্ধু জল চুক্তি’ নিয়ে তাদের মধ্যে আলোচনা বন্ধ ছিল। এছাড়া কাশ্মির থেকে ৩৭০নং অনুচ্ছেদ প্রত্যাহারের কারণেও দু'দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।