আফগানিস্তানে তিন নারী টিকা কর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পোলিও টিকা কর্মসূচিতে নিয়োজিত তিন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের সদর দফতরেও বিস্ফোরণ হয়েছে। কিন্তু সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচির প্রধান গুলাম দস্তগীর নাজারি জানান মঙ্গলবার সকালে নাঙ্গাহার প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের সদর দফতরের প্রবেশ মুখে বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আলাদা দুটি স্থানে পোলিও টিকা দানে নিয়োজিত নারী কর্মীদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

এসব হামলায় কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য তালেবান মুখপাত্রের কাছ থেকে কোনও সাড়া পায়নি রয়টার্স।

কাতারের রাজধানী দোহাতে আফগান সরকার ও তালেবানের মধ্যে কথিত শান্তি আলোচনা শুরুর পর থেকে আফগানিস্তানের শহরগুলোতে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব হামলায় লক্ষ্যবস্তু নারী পেশাজীবী, সরকারি কর্মী, গণমাধ্যমকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এই মাসের শুরুতে জালালাবাদে তিন নারী সাংবাদিককে হত্যা করা হয়। ওই হামলার দায় স্বীকার করে আইএস। তবে এসব হামলার জন্য আফগান সরকার তালেবানদের দায়ী করে আসলেও গোষ্ঠীটি তা অস্বীকার করে আসছে।

সম্প্রতি আফগানিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কাবুল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে এই টিকাদান কর্মসূচিতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফও যুক্ত রয়েছে। প্রসঙ্গত, বিশ্বের সকল দেশে পোলিও নির্মূল হলেও আফগানিস্তান ও প্রতিবেশি দেশ পাকিস্তানে এখনো এই রোগের প্রকোপ রয়ে গেছে।