দৈনিক নতুন সংক্রমিতের হিসেবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাপিয়ে গেলো ভারত। রবিবার ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, শনিবার ব্রাজিলে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৫১৫ জন এবং যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৬২ হাজার ১৫৪ জন।
শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহে গড় দৈনিক আক্রান্তের হিসেবেও যুক্তরাষ্ট্রকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত। যদিও এ ক্ষেত্রে শীর্ষে ব্রাজিল।
গত এক সপ্তাহে ভারতে গড় দৈনিক আক্রান্ত ৬৮ হাজার ৯৬৯। সেখানে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭৫৩ এবং ব্রাজিল ৭২ হাজার ১৫১। গোটা বিশ্বে যখন দৈনিক সংক্রমণের সূচক ক্রমে নিম্নগামী হচ্ছে, এই অবস্থায় ভারতের দৈনিক সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে, বিশেষজ্ঞরা বলছেন, অচিরেই ভারতের দৈনিক সংক্রমণ ১ লাখে পৌঁছাবে।
২০২০-র ১৭ সেপ্টেম্বর ভারতে দৈনিক সংক্রমণ পৌঁছেছিল ৯৭ হাজার ৮৯৪। ভারতে করোনা সংক্রমণের শুরু থেকে ২০২১-এর ৪ এপ্রিল পর্যন্ত এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। তার পর সেই সংখ্যাটা ক্রমে কমতে কমতে ২০২১-এর ৯ ফেব্রুয়ারি ৯ হাজারে পৌঁছায়। তার পর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দিনে ৯০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন।
ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৩ জনের। মৃতের সংখ্যাও আগের দিনের থেকে অনেক বেশি। পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৪.১১ শতাংশ থেকে বেড়ে ৪.৪৮ শতাংশ হয়ে গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৯১ হাজার ৫৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ২৯ হাজার ২৮৯ জন। ভারতে মোট টিকা পেয়েছেন ৭ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৬৫১ জন।