বাংলাদেশসহ চার দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা সিঙ্গাপুরের

ভারতের পর এবার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকেও প্রবেশ ও ট্রানজিটের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে সিঙ্গাপুর। এসব দেশে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকসহ যারা এই দেশগুলোতে গত দুই সপ্তাহের মধ্যে অবস্থান করেছেন, তাদেরকে সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে যাতায়াতের (ট্রানজিট) অনুমতি দেওয়া হবে না।

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত সিঙ্গাপুরের আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের প্রধান ও শিক্ষামন্ত্রী লরেন্স ওংকে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমসের এক  প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

গত ২৪ এপ্রিল ভারতের ওপরও একইরকমের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করে সিঙ্গাপুর। বলা হয়, ভারতের নাগরিকসহ গত দুই সপ্তাহের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন, তাদেরকে সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির মধ্যে দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। সম্প্রতি ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র‍্যাংকিংয়ে নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি। সাম্প্রতিক র‍্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউ জিল্যান্ডকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।