পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত ও অপর দশজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকের বরাতে নিহতের সংখ্যা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বালুচিস্তান প্রদেশের খুজদার জেলার কারখ এলাকায় শুক্রবার সকালে সড়ক থেকে বাসটি খাদে পড়ে যায়। পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা বলেন, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। অনেক যাত্রী ছাদে ছিলেন। আধাসামরিক বাহিনীর সদস্যরা দুর্ঘটনায় উদ্ধারের সহযোগিতা করেন।

খুজদার জেলা হাসপাতালের চিকিৎসক মানজুর জহির বলেন, আমরা ২০টি মরদেহ পেয়েছি এবং ৪০ জনের বেশি আহত ভর্তি হয়েছেন।

ডেপুটি কমিশনার বশির আহমেদ জানান, স্থানীয় এক ধর্মীয় পীরের সম্মানে আয়োজিত উৎসবে যোগ দিয়ে ফিরছিলেন যাত্রীরা। নিহতরা সিন্ধু প্রদেশের এবং সবাই পুরুষ।