আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বিদেশি বাহিনী প্রত্যাহারের পর তালেবানের সম্ভাব্য রকেট হামলা ঠেকাতে এটি স্থাপন করা হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে কাবুলে বিমানবন্দরে মোতায়েনকৃত নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বার্তা সংস্থা এএফপি-কে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপনের কথা নিশ্চিত করেছেন। তবে এটি কোন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা কারা এটি স্থাপন করেছেন সে সম্পর্কে আফগান কর্মকর্তারা বিস্তারিত জানাতে রাজি হননি।
আগামী মাসে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তুরস্কের কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা হয়েছে আঙ্কারার। তুর্কি সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক সম্পর্কে বিস্তারিত চুক্তি হয়েছে।
প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, বিষয়টি নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। সেখানে জানিয়ে দিয়েছি আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করবো এবং কতটুকু পারবো না।
আফগানিস্তানে কর্মরত পশ্চিমা কূটনীতিক ও কর্মীদের নিরাপদে দেশটি থেকে বের করে নেওয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর। ন্যাটো ও মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়া হলে তালেবানের হাতে বিমানবন্দরটির পতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এটির নিরাপত্তা রক্ষার ওপর বাইডেন প্রশাসন ব্যাপক জোর দিচ্ছে।