কাবুলে তালেবানের বোমা হামলায় আফগান পাইলট নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় দেশটির বিমান বাহিনীর একজন পাইলট নিহত হয়েছেন। ওই পাইলটের গাড়িতে দুর্বৃত্তদের পেতে রাখা বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। শনিবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালেবান।

নিহত পাইলটের নাম হামিদউল্লাহ আজিমী। এ ঘটনায় আরও পাঁচ বেসামরিক নাগরিক ব্যক্তি আহত হয়েছে।

চার বছর ধরে আফগান বিমান বাহিনীর হয়ে কাজ করছিলেন হামিদউল্লাহ আজিমী। সম্প্রতি দেশজুড়ে তালেবানের উত্থানের মুখে নিরাপত্তা হুমকি বিবেচনায় পরিবার নিয়ে কাবুলে চলে যান তিনি।

সম্প্রতি নতুন করে আফগানিস্তানের তিন প্রাদেশিক রাজধানীসহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। অনেক ক্ষেত্রে বিনা প্রতিরোধেই সরকারি বাহিনীর পালিয়ে যাওয়া, এমনকি দেশ ত্যাগের ঘটনাও ঘটেছে। তবে স্বতন্ত্র বিমান বাহিনী না থাকায় অস্বস্তি বেড়েছে তালেবানের। কেননা, বিভিন্ন শহর থেকে দলটিকে পিছু হটাতে বড় ভূমিকা রাখছে আফগান বিমান বাহিনী। ফলে সরকারি বাহিনীর পাইলটদের সরিয়ে দেওয়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সমতা আনতে চাইছে দলটি। সূত্র: আল জাজিরা।