আরও শহর দখলে নিয়েছে তালেবান, সেনাপ্রধানকে সরালো আফগানিস্তান

তালেবান অগ্রযাত্রা দ্রুত অব্যাহত থাকার প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধান পদে বদল এনেছে আফগানিস্তান সরকার। সশস্ত্র গোষ্ঠীটি এখন দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে নয়টির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ তালেবান যোদ্ধারা গজনি শহরে প্রবেশ করে ফেলেছে, সেখানে তীব্র লড়াই চলছে।

বুধবার উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফ পরিদর্শন করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবান যোদ্ধারা শহরটি অবরুদ্ধ করে রেখেছে। সেই শহরে সরকারি বাহিনীর মনোবল বাড়াতে যান প্রেসিডেন্ট।

এদিকে আফগান সেনা প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। গত জুনে এই দায়িত্ব নেন তিনি।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ায় কোনও অনুতাপ নেই তার। তিনি নিজেদের দেশ রক্ষায় আফগান নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। জাতিসংঘ জানিয়েছে, গত এক মাসে দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে এক হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।