আফগান বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ

পাকিস্তানে আটকে পড়া শত শত আফগান নাগরিকের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর সেটি বন্ধ করে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ওই ক্রসিং বন্ধ হয়ে গেলে আটকে পড়ে শত শত আফগান নাগরিক। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষুব্ধ আফগান নাগরিকেরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

চমন-স্পিন বোলদাক ক্রসিং পার হতে অপেক্ষা করার সময় বৃহস্পতিবার তীব্র গরমে ৫৬ বছর বয়সী এক আফগান নাগরিকের মৃত্যু হলে অস্থিরতা শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত পাকিস্তানি কর্মকর্তা আরিফ কাকার বলেন, বিক্ষোভকারীরা মরদেহটি পাকিস্তান সরকারের স্থানীয় কার্যালয়ে নিয়ে গিয়ে ক্রসিংটি খুলে দেওয়ার দাবি জানায়। কেউ কেউ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পাল্টা পদক্ষেপে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু করে।

স্থলবেষ্টিত আফগানিস্তানে দ্বিতীয় ব্যস্ততম প্রবেশ পথ চমন-স্পিন বোলদাক। এছাড়া পাকিস্তানি উপকূল ব্যবহার করে পণ্য পরিবহনও হয় এই ক্রসিং দিয়ে। গত মাসে ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর পাকিস্তান সরকার আফগান নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করে দিলে এর প্রতিবাদে গত ৬ আগস্ট তালেবানও ক্রসিংটি বন্ধ করে দেয়।