ভিডিও বার্তায় তালেবানের উদ্দেশে যা বললেন হামিদ কারজাই

তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়ার পর নিজের তিন মেয়েকে সঙ্গে নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বাহিনী ও তালেবান উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েদের নিয়ে আমি কাবুলে আছি। আর আমি তালেবানকে মানুষের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানাচ্ছি।’

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন তিনি। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর প্রায় সারা দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রবিবার কাবুলে ঢুকে পড়ে তালেবান। এরপরই নিজের ঘনিষ্ঠদের নিয়ে আফগানিস্তান ছেড়ে যান বর্তমান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এরপরই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের অভিযানের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওই ভিডিওতে তার সঙ্গে তিন মেয়েকেও দেখা যায়। তিনি মানুষকে নিজ বাড়িতে থাকার এবং শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক নেতাদের নিয়ে ইস্যুটির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন।