আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের একদিন পর সোমবার বেসামরিক নাগরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে তালেবান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক তালেবান কর্মকর্তাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে।
তালেবান কর্মকর্তা বলেন, আমরা জানি মানুষ নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র রাখে। তাদের এখন নিরাপদ মনে করা উচিত। আমরা নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে এখানে আসিনি।
মভি গ্রুপ মিডিয়া কোম্পানির পরিচালক ও শহরটির বাসিন্দা সাদ মোহসেনি টুইটারে বলেছেন, তালেবান যোদ্ধারা তাদের কোম্পানি কার্যালয়ে এসেছে এবং নিরাপত্তা টিমের কাছে রাখা অস্ত্র বিষয়ে জানতে চেয়েছে।
সোমবার কাবুলের বিভিন্ন রাস্তায় তালেবান যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। শহর ছেড়ে পালাতে হাজারো মানুষ কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরে জনসমুদ্রে বিশৃঙ্খলা শুরু হলে মার্কিন সেনারা গুলি চালায়। এতে পাঁচজন নিহত হয়েছে।
টুইটারে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তাদের যোদ্ধাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কারও ক্ষতি না করার জন্য। তিনি লিখেছেন, কারও জীবন, সম্পদ ও সম্মানের ক্ষতি হবে না। মুজাহিদিনরা সুরক্ষা নিশ্চিত করবে।