তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে মানবিক সহায়তা সরবরাহ করতে ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাবে জাতিসংঘ। সোমবার আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রমিজ আলাকবারোভ এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জানান আফগানিস্তানে সাম্প্রতিক সংঘাতে প্রায় ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর পরিস্থিতি ক্রমাগত বদলাতে থাকার কারণে মানবিক দলগুলো সব জায়গায় সহায়তা পৌঁছাতে পারছে না।
কাবুলে অবস্থানরত রমিজ আলাকবারোভ বলেন, তিনি মনে করেন আফগানিস্তানের স্বাস্থ্য, শিক্ষা এবং নারী ও তরুণ জনগোষ্ঠীর ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিনিয়োগ করা উচিত। বর্তমানে যে পরিস্থিতি চলছে তা এড়াতে চাইলে নিরাপত্তা অবকাঠামোর চেয়ে এসব খাতে বিনিয়োগ বাড়ানো উচিত বলে জানান তিনি।
রমিজ আলাকবারোভ জানান, জাতিসংঘ আফগানিস্তানে ২০২১ সালের জন্য ১৩০ কোটি ডলার সহায়তার আহ্বান জানালেও এখন পর্যন্ত মাত্র ৩৮ শতাংশ তহবিল পেয়েছে।