নিরাপত্তা পরিষদে ভারত কথা বলতে দেয়নি: পাকিস্তান

আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ভারতের এই আচরণকে পক্ষপাতমূলক আখ্যা দিয়েছেন। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই অভিযোগ আনলো ইসলামাবাদ।

এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। গত ৬ আগস্ট নিরাপত্তা পরিষদে আফগান ইস্যুতে আরেকটি বৈঠকে কথা বলার সুযোগ পাইনি পাকিস্তান। সেবারও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ইসলামাবাদ।

সোমবারও নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে দিল্লির কঠোর সমালোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শাহ মোহাম্মদ কোরেশি এক টুইট বার্তায় একে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘ মেয়াদি যুদ্ধে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান।

শাহ মোহাম্মদ কোরেশি বলেন, পাকিস্তান সব সময়ই আফগানিস্তানে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, কাবুলের পাকিস্তান দূতাবাস নিরলসভাবে কাজ করে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।