সঙ্গে ব্যাগপত্র নেই অধিকাংশেরই। তল্পিতল্পা নেওয়ার সময় পাননি অনেকে। শেষ সম্বল ফেলেই দেশ ছাড়ার মরিয়া চেষ্টা করছেন অনেক আফগান নাগরিক। নারীরা সন্তানদের বুকে আঁকড়ে রেখেছেন, কেউ হয়তো পরিবারের সদস্যদেরই পেছনে ফেলে এসেছেন। প্রাণ বাঁচানোর দুর্বার তাগিদ চোখেমুখে স্পষ্ট। মার্কিন বিমানবাহিনীর পাঠানো উড়োজাহাজে সেই ছবিই ধরা পড়েছে। ঠাসাঠাসি, গাদাগাদি করে অন্তত ৬০০ আফগান নাগরিক প্লেনে চেপে বসেছেন। বিমানবন্দরে দৌড়াদৌড়ি করতেও দেখা গেছে নারী ও শিশুদেরও।
মার্কিন বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার-৩ এয়ারক্রাফটের মেঝেতেই ঠাসাঠাসি করে বসেছেন সবাই। চোখেমুখে আতঙ্কের চাপ। এই ছবি ভাইরাল হয়েছে।
দেখা গেছে, যাত্রীদের বেশিরভাগের সঙ্গে কোনও লাগেজ নেই। কোনওরকমে বিমানের মেঝেতেই আশ্রয় খুঁজে নিয়েছেন তারা। আফগানিস্তান থেকে এই এয়ারক্রাফ্ট প্রাথমিকভাবে কাতারের উদ্দেশে যাত্রা করে। সেখানে যাত্রীদের নামিয়ে ফের ফিরে দিয়ে দ্বিতীয় দফায় যাত্রী বোঝাই করে নিয়ে যাবে উড়োজাহাজটি। সূত্র: দ্য ওয়াল।