সংবাদ সম্মেলনে আসছে তালেবান

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে তালেবান। রবিবার কাবুল দখলের দুই দিনের মাথায় ১৭ আগস্ট মঙ্গলবার দলটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হবে।

বিবিসি জানিয়েছে, রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলন আহ্বান করেছে তালেবান। এতে দলটির নেতারা আফগান জনগণের উদ্দেশে প্রকাশ্যে কথা বলবেন বলে প্রতীয়মান হচ্ছে।

এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। দৃশ্যত এই ঘোষণার মধ্য দিয়ে আফগান নাগরিকদের আশ্বস্ত করতে চেয়েছে দলটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার কাবুলে বড় ধরনের কোনও নিপীড়ন বা লড়াইয়ের খবর পাওয়া যায়নি। রাস্তায় টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। তবে বহু আতঙ্কিত বাসিন্দা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

দুই দশক আগে তালেবান যখন ক্ষমতায় ছিল তখন নারীদের প্রতি তাদের যে মনোভাব ছিল তার চেয়ে দলটির সাম্প্রতিক বক্তব্য অনেকটাই আলাদা। কূটনীতি বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও দলটির সাম্প্রতিক বক্তব্যে পরিবর্তন লক্ষ্যণীয়।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানে আলোচনার মাধ্যমে একটি নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানানো হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে ক্ষমতা দখলের দুই দিনের মাথায় তালেবানের এই সংবাদ সম্মেলন তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।