তালেবান যোদ্ধাদের সামনে আফগান নারীদের প্রতিবাদ (ভিডিও)

আফগানিস্তানের রাজধানী কাবুলে অস্ত্রধারী তালেবান যোদ্ধাদের কাছেই দেশটির নারীদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তালেবান শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এটিই নারীদের প্রথম প্রতিবাদ বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি হামিদ মোহাম্মদ শাহ একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, কাবুলের রাজপথে চার নারী প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। ক্যামেরা ঘুরলে দেখা যায়, এই নারীদের পাশে রাইফেল হাতে এক ব্যক্তি হাঁটছেন। পেছনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ট্রাকের কাছে আরেকজন সশস্ত্র ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

মোহাম্মদ শাহের আরেকটি ভিডিওতে দেখা গেছে, নারীরা একটি সড়কে হাঁটছেন। এসময় তারা কাজ, শিক্ষা ও রাজনীতিতে অংশগ্রহণে দাবিতে স্লোগান দেন।

শাহের মতে, ভিডিওতে এক নারী বলেছেন, কোনও শক্তিই নারীদের অবজ্ঞা ও দমিয়ে রাখতে পারবে না।

রবিবার কাবুলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এখনও তারা সরকার গঠন করতে পারেনি। মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র বলেছেন, ইসলামি শরিয়া আইন অনুসারেই নারীদের স্বাধীনতা থাকবে। সূত্র: বিজনেস ইনসাইডার