আফগানিস্তানে তালেবানের কোনও বিকল্প নেই এবং দলটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যর্থ হবে। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ।
দিমিত্রি ঝিরনোভ বলেন, ‘মাঠ পর্যায়ের পরিস্থিতি পাল্টে গেছে। তালেবান আশাব্যাঞ্জক কিছু অঙ্গীকার করেছে। আমরা বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। তারাই এখন ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ।’
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত কয়েক দিনে দলটির আচরণেরও প্রশংসা করেন রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ। তিনি বলেন, কাবুলের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে আগের চেয়ে অনেক ভালো।
আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদের কথাও জানান প্রবীণ এই কূটনীতিক। তিনি বলেন, কাবুলে একটি বাজে শাসন ব্যবস্থা ছিল যেটি হাওয়ায় মিলিয়ে গেছে।
আফগানিস্তানে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশটি ছাড়ার চেষ্টা করছে বহু মানুষ। বিমানবন্দরগুলোতে লোকজনের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এক বিমানে গাদাগাদি করে ছয় শতাধিক মানুষের কাবুল ছাড়ার মতো ঘটনাও ঘটেছে। তালেবানের ক্ষমতা দখলের কারণেই কী এমনটা ঘটছে? এমন প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, বিদ্যমান পরিস্থিতিকে অনেকই এখন পশ্চিমা দুনিয়ায় তাদের নতুন জীবনের সম্ভাব্য টিকেট হিসেবে দেখছে। এটা হয়তো তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
সম্প্রতি রাশিয়ার সরকারি মিডিয়ার খবরে বলা হয়েছে, তালেবানের পক্ষ থেকে রাশিয়ার কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন সংবাদমাধ্যম এপি-কে বলেছেন, মস্কোর সঙ্গে তার দলের সুসম্পর্ক রয়েছে। এছাড়া রাশিয়াসহ অন্য দেশগুলোর মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তালেবানের নীতির মধ্যেই পড়ে।