২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির একজন নেতা আবদুল কাহার বালখি দাবি করেছেন, এভাবে কাবুল দখলের পরিকল্পনা তাদের ছিল না।
তালেবানের কালচারাল কমিশনার আবদুল কাহার বালখি বলেন, ‘যখন আমরা কাবুলে প্রবেশ করি সেটি পরিকল্পিত ছিল না। কারণ আমরা প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছিলাম যে, আমরা কাবুলে প্রবেশ করতে চাই না। সেখানে প্রবেশ এবং একটি যৌথ ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আগে আমরা একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চাই। কিন্তু সেদিন যা ঘটেছে তা হলো, নিরাপত্তা বাহিনী প্রস্থান করলো এবং আমরা আমাদের বাহিনীকে প্রবেশ করতে বললাম। তালেবান রাজধানী শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য হলো।’
তালেবানের প্রতি কাবুলের বাসিন্দাদের অনাস্থা সম্পর্কে আবদুল কাহার বালখি বলেন, এই মুহূর্তে মানুষ যেভাবে বিমানবন্দরে ছুটে যাচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক। কারণ আমরা নিরাপত্তা বাহিনীর সিনিয়র থেকে জুনিয়র পর্যায়ের সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। এই ভয়, এই উন্মাদনা যে ভিত্তিহীন।
আফগানিস্তানে একটি নতুন সরকার গঠন নিয়ে আবদুল কাহার বালখি বলেন, এ সংক্রান্ত আলোচনা চলছে এবং অবশ্যই এটি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার হতে যাচ্ছে।