কারা এই আইএস-কে?

কাবুল বিমানবন্দরে চালানো ভয়াবহ জোড়া বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে)। এ হামলায় অন্তত ৯০ জন নিহত এবং দেড় শতাধিক নিহত হয়েছে। কিন্তু দায় স্বীকার করা এই গোষ্ঠীটি আসলে কারা আর তাদের উদ্দেশ্য কী?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নিরাপত্তা প্রতিনিধি ফ্রাঙ্ক গার্ডিনার জানিয়েছেন, আফগানিস্তানে থাকা সব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উগ্র এবং সহিংস গোষ্ঠী হলো আইএস-কে।

আন্তর্জাতিক ইসলামিক স্টেট গ্রুপের অনুমোদিত আঞ্চলিক গোষ্ঠী আইএস-কে। এটি আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয়।

গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ নৃশংসতার জন্য গ্রুপটিকে দায়ী করা হয়। মেয়েদের স্কুল, হাসপাতালে হামলা ছাড়াও ম্যাটারনিটি ওয়ার্ডে গর্ভবতী নারী, নবজাতক এবং নার্সদেরও গুলি করে হত্যার জন্য গ্রুপটিকে দায়ী করা হয়ে থাকে।

আন্তর্জাতিক আইএস নেটওয়ার্কের অংশ হিসেবে সাধ্যমতো পশ্চিমা দেশ, আন্তর্জাতিক এবং মানবিক কর্মীদের লক্ষ্যবস্তু বানায় আইএস-কে।

বিবিসির নিরাপত্তা প্রতিবেদক মনে করেন, তৃতীয় পক্ষ হাক্কানি নেটওয়ার্কের মাধ্যমে আইএস-কে’র সঙ্গে তালেবানের যোগাযোগ রয়েছে। তবে তালেবানের সঙ্গে তাদের মতবিরোধও প্রবল। আইএস-কে’র অভিযোগ, আলোচনার টেবিলে বসতে তালেবান জিহাদ এবং যুদ্ধের ময়দান ছেড়ে দিয়েছে।

আফগানিস্তানে আসন্ন তালেবান সরকারের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে যাচ্ছে আইএস-কে।