আমাদের কেউ হতাহত হয়নি: তালেবান মুখপাত্র

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে তালেবানের কোনও সদস্য আহত হয়নি বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পশতু সার্ভিস দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কেউ হতাহত হয়নি। ঘটনাটি যে এলাকায় ঘটেছে সেই এলাকা নিয়ন্ত্রণ করছে মার্কিন বাহিনী।’

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক তালেবান কর্মকর্তাকে উদ্ধৃত করে কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার খবর দেয়। তবে পরে সেই খবর সরাসরি অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমেরিকানদের চেয়ে আমাদের বেশি মানুষ মারা গেছে। ওই কর্মকর্তা দাবি করেন, মার্কিন বাহিনীর আফগানিস্তান ছেড়ে যাওয়ার ৩১ আগস্টের সময়সীমা আর বাড়ানোর কোনও কারণ নেই।