কাশ্মিরে তালেবানের সহযোগিতা চেয়েছেন মাসুদ আজহার: রিপোর্ট

ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহার সম্প্রতি আফগানিস্তানে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি জম্মু-কাশ্মিরে তালেবানদের সহযোগিতা চেয়েছেন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহে কান্দাহারে মাসুদ আজহার তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গণি বারাদারসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন।

১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মাসুদ আজহার। ১৬ আগস্ট এক নিবন্ধে তিনি আফগানিস্তানের মুজাহিদিনদের সাফল্যের প্রশংসা করেন।

ভারতের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার ফলে জম্মু-কাশ্মিরে জয়েশ-ই-মুহাম্মদের কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে তাদের অতীত সম্পর্কের কারণে।

তবে তালেবান সম্প্রতি স্পষ্ট করে বলেছে, কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের মাটি তারা ব্যবহার করতে দেবে না।