আফগানিস্তানে ‘ছেলে ও মেয়েরা একসঙ্গে পড়তে পারবে না’

আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে ছেলে ও মেয়েরা এক সঙ্গে পড়তে পারবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আফগান সাংবাদিকদের বরাতে রবিবার জানিয়েছে, এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান।

আফগানিস্তানে টেলিভিশন চ্যানেল টোলো নিউজের সাংবাদিক জিয়ার খান ইয়াদ বলেছেন, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, ছেলে ও মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করতে পারবে না। ইসলামি আইনের আলোকে পৃথক শ্রেণিকক্ষে তাদের অধ্যয়ন করতে হবে।

ফ্রিল্যান্স সাংবাদিক বশির আহমেদ গওয়াখ টুইটারে লিখেছেন, তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশায় নারীদের নিষিদ্ধ করেছে।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে দেশটিতে আবারও নারী ও মেয়েদের কাজ ও শিক্ষার অধিকার লঙ্ঘিত হতে পারে। যেমনটি ছিল তালেবানের প্রথম শাসনামলে।