আফগানিস্তানে আগামী কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করবে তালেবান। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ তথ্য জানিয়েছেন।
এদিন ইসলামাবাদে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমরা আশা করি আফগানিস্তানে আগামী দিনে একটি ঐকমত্যের সরকার গঠিত হবে।’
শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান ইতোমধ্যে ৩০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ যাবতীয় সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পাকিস্তান তার সীমান্ত খোলা রেখেছে। মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করছে এবং বাণিজ্যও চলছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও আহ্বান জানান কুরেশি। তিনি বলেন, পাকিস্তান একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও প্রগতিশীল আফগানিস্তান দেখতে চায়।
তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ না নেওয়া এবং মানবাধিকার সমুন্নত রাখার যে অঙ্গীকার করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দেন।
তিনি বলেন, আফগান পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জার্মানিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে সহায়তা দিয়েছে পাকিস্তান। সূত্র: ডন।