আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। তালেবানের পক্ষ থেকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বানের পরই তারা এই ঘোষণা দিল। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
এনআরএফ গঠিত হয়েছে তালেবানবিরোধী মিলিশিয়া যোদ্ধা ও সাবেক আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যদের সমন্বয়ে। তালেবানরা উপত্যকাটি ঘিরে রাখলেও তারা এটি রক্ষার অঙ্গীকার করেছেন।
টুইটারে পাঞ্জশিরের মানুষের প্রতি এক অডিও বার্তায় সিনিয়র তালেবান কর্মকর্তা আমির খান মুত্তাকি বলেছেন, ভাইয়েরা, আমরা চেষ্টা করেছি আলোচনা ও সমঝোতার মাধ্যমে পাঞ্জশির সমস্যার সমাধান করতে। কিন্তু দুর্ভাগ্যবশত তা ব্যর্থ হয়েছে। এখন আলোচনা ব্যর্থ হওয়াতে মুজাহিদিনরা (তালেবান যোদ্ধা) পাঞ্জশির ঘিরে রেখেছে। এখানে অনেক মানুষ রয়েছে যারা সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান চায় না।
তালেবান কর্মকর্তা আরও বলেন, এখন আপনাদেরই তাদের সঙ্গে কথা বলতে হবে। যারা লড়াইক করতে চায় তাদের বলুন, যথেষ্ট হয়েছে।
গত মাসে পতন হওয়া আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি জানান, মঙ্গলবার রাতে পাঞ্জশিরে নতুন হামলা শুরু করেছে তালেবান। তিনি বলেন, গত রাতে তালেবান সন্ত্রাসীরা পাঞ্জশিরে হামলা চালিয়েছে। কিন্তু তারা পরাজিত হয়েছে।
৩৫ তালেবান যোদ্ধা নিহতের কথা জানিয়ে টুইটারে তিনি আরও বলেন, আমাদের জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাপক হতাহতের মুখে তারা পিছু হটে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা এই উপত্যকা রক্ষা করব।
অপর এক বাসিন্দার কথা, সবার কাঁধে অস্ত্র রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। তরুণ থেকে বয়স্করা সবাই প্রতিরোধের কথা বলছে।