পাঞ্জশিরের রাজধানীতে প্রবেশের দাবি তালেবানের

পাঞ্জশির উপত্যকার প্রাদেশিক রাজধানীতে প্রবেশের দাবি করেছে তালেবান। এই উপত্যকায় কয়েকদিন ধরে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। তালেবানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধে নেতৃত্ব দেওয়া আফগানিস্তানের ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)-এর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে।

তালেবান কর্মকর্তারা এর আগেও দাবি করেছিলেন, তারা পাঞ্জশির উপত্যকা পুরোপুরি দখল করেছে। কিন্তু তাদের এই দাবির পরও চারদিন ধরে লড়াই অব্যাহত রয়েছে।

রবিবার তালেবান মুখপাত্র বিলাল কারিমি টুইটারে লিখেছেন, প্রাদেশিক পুলিশের সদর দফতর ও রাজধানী বাজারাকের কাছাকাছি থাকা রুকা জেলার প্রাণকেন্দ্র তারা দখল করেছেন। লড়াইয়ে বিরোধী পক্ষের ব্যাপক হতাহত রয়েছে। অভিযানে অনেককে বন্দি এবং যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

তালেবান মুখপাত্র আরও বলেছেন, বাজারাকে এখনও লড়াই চলছে।

এর আগে রবিবার এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতি দাবি করেছিলেন, তালেবানের দখল করা পারিয়ান জেলা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এক হাজারের বেশি যোদ্ধা পিছু হটার সময় অবরুদ্ধ হয়ে পড়ে, তাদের বন্দি করা হয়েছে। এছাড়া অনেকে নিহতও হয়েছে।

তিনি বলেন, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে প্রতিরোধ বাহিনী প্রস্তুত।

শনিবার ইতালির ত্রাণ সংস্থা এমার্জেন্সি জানিয়েছে, পাঞ্জশির উপত্যকা সংলগ্ন আনাবাহ জেলার একটি হাসপাতালে তালেবান যোদ্ধারা পৌঁছেছে।