আফগানিস্তানের তালেবানবিরোধী ফ্রন্টের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য। মঙ্গলবার ইসলামি সরকার ঘোষণা দিয়েছে তালেবান। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
পাঞ্জশিরে তালেবানের সঙ্গে লড়াইরত ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) তালেবানের নতুন সরকারকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে।
এনআরএফ বলেছে, তাদের বিবেচনায় তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা আফগান জনগণের বিরুদ্ধে গোষ্ঠীটির শত্রুতার স্পষ্ট ইঙ্গিত।
তালেবান দাবি করে আসছে, পাঞ্জশির উপত্যকায় তারা এনআরএফকে পরাজিত করেছে। কিন্তু বিরোধী জোটটির নেতাদের দাবি, তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।
আফগানিস্তানে কেবল পুরুষ এবং সন্ত্রাসী তালিকায় থাকা ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন তালেবান সরকার নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত নতুন তালেবান সরকার পর্যালোচনা করে দেখছে তারা।
তালেবান ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজ্জুদিন হাক্কানি রয়েছেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায়।