পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল

পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাসকে পরবর্তী চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাপ্রধানের পর এই পদকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়।

মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়,  লেফটেন্যান্ট জেনারেল সাহির শামসাদ মির্জার স্থলাভিষিক্তি হবেন বালুচ রেজিমেন্টের জেনারেল আব্বাস। মির্জাকে রাওয়ালপিন্ডিভিত্তিক ১০ কর্পস-এর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  

পাকিস্তানের সেনাবাহিনীতে সেনাপ্রধানের পর গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ হিসেবে চিফ অব জেনারেল স্টাফকে বিবেচনা করা হয়। এই পদের দায়িত্বের মধ্যে রয়েছে সদর দফতরে আভিযানিক ও গোয়েন্দা বিষয়ক সামরিক অভিযান ও সামরিক গোয়েন্দা মিশনের দায়িত্ব প্রধান ও দেখাশোনা করা।

জেনারেল মির্জা সিন্ধু রেজিমেন্টের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০২২ সালের নভেম্বরে বাহিনীর সবচেয়ে সিনিয়র জেনারেল হবেন তিনি। ওই সময় জেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার বর্ধিত সময়সীমা শেষ হবে। তাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান বা সেনাপ্রধান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে।

আরও যেসব পদে পরিবর্তন আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, মুলতান কর্পস-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ চিরাগ হায়দায়। এটিই পাকিস্তানের একমাত্র স্ট্রাইকিং ফোর্স। বর্তমানে এই দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ওয়াসিম আশরাফকে জয়েন্ট স্টাফ সদর দফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি