দীর্ঘদিন ধরে তালেবান মুখপাত্র হিসেবে জবিউল্লাহ মুজাহিদ কাজ করে আসছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো তথ্যের জন্য তার সঙ্গেই ফোনে যোগাযোগ করতো। কিন্তু তালেবান কাবুল দখল করার পর সংবাদ সম্মেলনের আগে তাকে কখনোই টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তাকে অনেকেই রহস্যময় বলে অভিহিতও করেছিলেন।
রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জবিউল্লাহ মুজাহিদের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি জানিয়েছেন, কীভাবে মার্কিন সেনাদের ফাঁকি এতদিন আফগানিস্তানে কাজ করেছেন।
জবিউল্লাহ বলেন, মার্কিন ও আফগান সেনারা ধরেই নিয়েছিল আমার অস্তিত্ব নেই। আমাকে ধরতে তাদের এত অভিযান থেকে আমি ফাঁকি দিয়েছি যে তারা ভাবতে শুরু করে জবিউল্লাহ কোনও সত্যিকার ব্যক্তি না, বানানো কোনও চরিত্র।
তিনি বলেন, এত কিছুর পরও আমি আফগানিস্তানে মুক্তভাবে বিচরণ করতে পেরেছি। আমার মনে হয় তাদের এই মনোভাব এক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি দীর্ঘদিন কাবুলে তাদের নাকের ডগায় বাস করেছি। আমি সারা দেশ চষে বেড়িয়েছি। যুদ্ধক্ষেত্রে তালেবানের অভিযানের সরাসরি তথ্য আমি পেয়েছি। কিন্তু শত্রুদের জন্য ছিল তা রহস্যঘেরা।
তাকে ধরতে নিয়মিত গ্রেফতার অভিযান পরিচালনা করা হলেও দুই দশকের যুদ্ধের সময় আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা কখনও ভাবেননি বলে জানান জবিউল্লাহ। তার কথায়, আমার অবস্থান জানতে মার্কিন সেনারা স্থানীয়দের অর্থ দিতো। এই তথ্যের ভিত্তিতে তারা নিশ্চয়ই অনেক অভিযান চালিয়েছে। কিন্তু আমি কখনও আফগানিস্তান ছাড়িনি বা ছাড়ার চেষ্টা করিনি। এমনকি, আমার ভাবনাতেও বিষয়টি আসেনি।