চীনা অনুপ্রবেশের পর আন্তর্জাতিক সহায়তা চায় তাইওয়ান

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা এলাকায় ধারাবাহিকভাবে চীনা যুদ্ধবিমান প্রবেশের পর অঞ্চলটি সফরে গেছেন ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ের কয়েক জন প্রতিনিধি। বৃহস্পতিবার তাদের সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন তাইওয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। সমমনা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গেও কাজ করার আগ্রহ দেখান তিনি।

তাইওয়ান সফরে গেছেন ফ্রান্সের চার সিনেটর এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান অন্য দেশগুলোর সহায়তা চাইছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের।

ফ্রান্সের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যালেইন রিচার্ডের নেতৃত্বাধীন সিনেটরদের সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়ে সাক্ষাৎ করেন তাসাই ইন-ওয়েন। তাইওয়ান উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ফ্রান্সকে ধন্যবাদ জানান তাসাই ইন-ওয়েন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করা অব্যাহত রাখবো।’ মানব উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় অবদান রাখায় তাইওয়ানকে ধন্যবাদ জানান ফরাসি প্রতিনিধি দল।

পরে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে সাক্ষাতের সময় একই ধরনের বার্তা দেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। টনি অ্যাবোট বলেন, ‘তাইওয়ানের অগ্রগতিতে নিশ্চিতভাবে সবাই আর সব জায়গা খুশি নয় আর আমি উল্লেখ করতে চাই তাইওয়ান প্রতিদিন বিশালাকার প্রতিবেশির চ্যালেঞ্জের মুখে পড়ছে।’