তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে হামলা বেড়েছে জঙ্গিগোষ্ঠী আইএসের। সর্বশেষ গত শুক্রবার কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে জঙ্গিদের হামলায় নিহত হয় অন্তত ৪৬ জন। এমন পরিস্থিতিতে আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তা নিয়ে আলাপ উঠেছে। তবে তালেবান সাফ জানিয়ে দিয়েছে, জঙ্গিদের মোকাবিলায় তারা নিজেরাই যথেষ্ট। মার্কিন সহায়তার কোনও প্রয়োজন নেই। ফলে এ ইস্যুতে তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ করবে না।
মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর শনিবার প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরুর আগেই এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো আফগানিস্তানের শাসক গোষ্ঠী।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বার্তা সংস্থা এপি-কে বলেছেন, জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএসের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে কোনও ধরনের সহযোগিতা করা হবে না।
সুহাইল শাহিন বলেন, ‘দায়েশ (আইএস)-কে আমরা নিজেরাই মোকাবিলা করতে সক্ষম।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ২০২০ সালে স্বাক্ষরিত তালেবান-ওয়াশিংটন শান্তিচুক্তি পুনর্বিবেচনা হবে। ওই চুক্তিই মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পথ সুগম করেছিল।