আফগানিস্তানের উত্তরাঞ্চলে ২৯ বছর বয়সী অ্যাক্টিভিস্ট ও অর্থনীতির অধ্যাপক ফ্রোজান সাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। তিন মাস আগে তালেবান ক্ষমতা দখলের পর কোনও নারী অধিকার কর্মী নিহতের কথা এই প্রথম জানা গেলো। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ফ্রোজান সাফির মরদেহ মাজার-ই-শরিফের মর্গে শনাক্ত করা হয়েছে। ২০ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের বোন চিকিৎসক রিতা বলেন, আমরা তার পোশাক চিনতে পেরেছি। গুলিতে তার মুখ চেনা যাচ্ছে না। তার দেহে অনেক গুলি, অসংখ্য, মাথায়, হৃদপিণ্ডে, বুকে, কিডনি ও পায়ে গুলি রয়েছে।
সাফির বিয়ের আংটি ও ব্যাগ আনা হয়েছে জানিয়ে রিতা বলেন, আমরা জানি না কারা তাকে হত্যা করেছে।
বৃহস্পতিবার তালেবান নিরাপত্তাবাহিনী বালখ প্রাদেশিক হাসপাতালে দুই অজ্ঞাত নারীর মরদেহ নিয়ে আসে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক মেরাজ ফারুকি।
তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক জবিউল্লা নুরানি জানান, মাজার-ই-শরিফে একটি বাড়িতে দুই পুরুষের মরদেহের সঙ্গে অজ্ঞাত নারীদের লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তালেবান কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।