গবেষককে করোনা আক্রান্ত ইঁদুরের কামড়

তাইওয়ানে করোনাভাইরাসের সম্ভাব্য বিস্তারের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ইঁদুরের কামড়। উচ্চ নিরাপত্তার একটি গবেষণাগারের এক নারী গবেষক এক মাসের বেশি সময় পর দ্বীপটিতে প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্তের পর তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মহামারি কমান্ড সেন্টারের প্রধান চেন শিহ-চুং নিশ্চিত করেছেন, তাইপে সিটির গবেষণাগারের এক নারী গবেষক করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। বিশের কোটার এই নারী অ্যাকাডেমিয়া সিনিকা’র জিনোমিকস রিসার্চ সেন্টারে কর্মরত। তার ভ্রমণের ইতিহাস নেই এবং মডার্নার দুটি ডোজ টিকা নিয়েছেন।

চেন জানান, নভেম্বরের মাঝামাঝিতে ওই নারী ভাইরাসের সংস্পর্শে আসেন ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল সায়েন্সেস-এ কাজ করার সময়। শুরুর দিকে তার কোনও উপসর্গ দেখা যায়নি। ২৬ নভেম্বর হালকা কাশি শুরু হয়। ৪ ডিসেম্বর তা বাড়ে এবং ঘ্রাণ ও স্বাদের অনুভূতি লোপ পায়। বৃহস্পতিবার পিসিআর টেস্টে করোনা পজিটিভ ফল এসেছে।

একই সংবাদ সম্মেলনে আরেক সিনিয়র ভাইরাস কর্মকর্তা নিশ্চিত করেছেন, গবেষণাগারের করোনায় আক্রান্ত একটি ইঁদুর ওই নারীকে কামড় দিয়েছে। কিন্তু তিনি বলেছেন, ভাইরাস সংক্রমণ কারণ ওই কামড় কিনা তা নিশ্চিত হতে অনুসন্ধান করা হচ্ছে।

তাইওয়ানি কর্তৃপক্ষের ধারণা, ওই নারী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। তার সংস্পর্শে আসা ৯৪ জন মানুষকে চিহ্নিত করা হয়েছে। বেশিরভাগ সহকর্মী ও বন্ধু-বান্ধব। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ৮০ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

খবরে বলা হয়েছে, এই মাসের শুরুতে ওই নারী চাকরি থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবারের আগে তাইওয়ানে সর্বশেষ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল ৫ নভেম্বর। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫০০ এবং মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। সূত্র: ব্লুমবার্গ, তাইওয়ান নিউজ