কাজাখস্তানে চলমান রাজনৈতিক সংকটে বাইরের হস্তক্ষেপ নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কাজাখস্তান নিজেদের সমস্যা সমাধান করতে পারবে এবং গুরুত্বপূর্ণ হলো বাইরে থেকে হস্তক্ষেপ না করা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা আরআইএ পেসকভকে উদ্ধৃত করে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য রাশিয়ার সহযোগিতা চায়নি কাজাখস্তান।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের ফলে বুধবার কাজাখস্তানের সরকার পদত্যাগ করেছে।
সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে বিক্ষোভ নিয়ে চরম সংবেদনশীল রাশিয়া। এই দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ের অংশ হিসেবে মনে করে মস্কো। অতীতে জর্জিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোতে বিক্ষোভের জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া।
বুধবার কাজাখস্তানের সরকারের পদত্যাগের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাজপথে সহিংসতা ও আইন লঙ্ঘনের বদলে সাংবিধানিক, আইনি ফ্রেমওয়ার্ক ও সংলাপের মাধ্যমে আমরা সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ সহিংসতার জন্য দেশি ও বিদেশি উসকানিদাতাদের দায়ী করেছেন।