কাজাখস্তানে এক সপ্তাহের বিক্ষোভে ১৬৪ জন নিহত হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতের এই সংখ্যা আগের ঘোষণার চেয়ে অনেক বেশি। তবে সরকারি পরিসংখ্যানে শুধু বেসামরিক নাকি আইনশৃঙ্খলাবাহিনীর নিহত সদস্যও অন্তর্ভুক্ত আছে তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
রবিবার প্রথমে কাজাখ কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভের সময় ১৬ পুলিশ বা ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছে। এর আগে জানানো হয়েছিল, নিহত বেসামরিকের সংখ্যা ২৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির বৃহত্তম শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। এখানে বিক্ষোভকারীরা সরকারি ভবন দখল করে এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করেছে।
দেশটির একটি শিক্ষা অধিকার সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এদের মধ্যে চার বছর বয়সী এক মেয়ে শিশু ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, বিক্ষোভের সময় আহত হয়ে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ চিকিৎসা নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তাবাহিনীর ১৩০০ সদস্য আহত হয়েছে।
কাজাখ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিক্ষোভকালে পুলিশ ৫ হাজার ৮০০ জনকে আটক করেছে। বিক্ষোভ স্থিমিত হয়েছে। পরিস্থিতি এখন স্থিতিশীল।