ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমন্বিত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির এমন অবস্থানের কথা জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। চীন ও রাশিয়া ইউক্রেনের বিষয়ে তাদের সমন্বিত অবস্থানের বিষয়ে একমত হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিষয়ে রাশিয়ার অবস্থানের প্রতিও সমর্থন জানিয়েছে বেইজিং।
বিবৃতিতে ইউক্রেন, আফগানিস্তান এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতির মতো অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ইস্যুগুলোতেও চীন ও রাশিয়ার সমন্বিত অবস্থানের কথা উল্লেখ করা হয়।
এদিকে আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনা নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলবেন তিনি।