হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার ৯৬ বছরের এই রাজনীতিককে রিলিজ দেওয়ার কথা জানায় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময় যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এখনও দেশটির একজন প্রভাবশালী আইনপ্রণেতা।

গত মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। খবর পেয়ে সেখানে তাকে দেখতে ছুটে যান মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।