আফগানিস্তানে ‘মানবিক বিপর্যয়’ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান চীন-পাকিস্তানের

আফগানিস্তানে ‘মানবিক বিপর্যয়’ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। রবিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে দুই দেশের এমন আহ্বানের কথা বলা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরে যান ইমরান খান। এই সফরেই রবিবার দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। ২০১৯ সালের অক্টোবরের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই স্বীকার করেছেন ‘শান্তিপূর্ণ ও স্থিতিশীল’ একটি আফগানিস্তান এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের বিকাশ ঘটাবে। একইসঙ্গে তারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ‘মানবিক বিপর্যয়’ এড়াতে আফগান জনগণকে অবিলম্বে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুই নেতা পাকিস্তান ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতেও কথা বলেন তারা।