কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে রেকর্ড ৩৮ হাজার ৬৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
২০২০ সালের ২০ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো কারও করোনা শনাক্ত হয়। কম সময়ের মধ্যেই দেশটিতে কোভিডের প্রাদুর্ভাব দেখা দেয়।
এক পর্যায়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ট্র্যাকিং, ট্রেসিং, মাস্কিং ও কোয়ারেন্টিনের একটি আক্রমণাত্মক কৌশল নেয় দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত কোভিডের প্রাথমিক ঢেউকে দুর্বল করতে সমর্থ হয় দেশটি।
ব্যাপকভিত্তিক লকডাউন ছাড়াই দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম ছিল। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে সাম্প্রতিক সময়ে দেশটিতে সংক্রমণ বেড়ে গেছে।