দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল প্রার্থী

রক্ষণশীল বিরোধী প্রার্থী ইয়োন সুক-ইয়োলকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দক্ষিণ কোরিয়া। তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জায়ে মিয়োংকে হারিয়েছেন তিনি। শ্রেণী বৈষম্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে পাওয়া এই জয়কে দেশটির জনগণের বড় জয় আখ্যা দিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে এবার। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে দুই প্রার্থীর ভোট ব্যবধান এক শতাংশের কম।

বৃহস্পতিবার ভোরে বিজয় উৎসবে সমর্থকদের উদ্দেশে ইয়োন সুক-ইয়োল বলেন তিনি মানুষের জীবিকা, অভাবগ্রস্তদের সামাজিক সুরক্ষা, দেশকে গর্বিত করার চূড়ান্ত উদ্যোগ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাধীন বিশ্বের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলায় মনোযোগ দেবেন।

নির্বাচনি প্রচারণায় উভয় প্রার্থীকেই অজনপ্রিয় বলে বিবেচনা করা হচ্ছিল। তবে বুধবারের নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যায়। দেশটির প্রায় ৭৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটারদের মূল উদ্বেগের মধ্যে ছিল বাড়ির দাম বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির অচলাবস্থা, তরুণদের বেকারত্ব এবং জেন্ডার বৈষম্য।

নির্বাচনি প্রচারণায় ইয়োন সুক-ইয়োল জেন্ডার সমতা এবং পরিবার বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেন। এই মন্ত্রণালয় মূলত পরিবারকেন্দ্রিক সেবা, শিক্ষা এবং শিশু কল্যাণে কাজ করে থাকে। এটি দেশটির বার্ষিক জাতীয় বাজেটের প্রায় ০.২ শতাংশ ব্যবহার করে, যার তিন শতাংশেরও কম নারী সমতার উন্নয়নে ব্যয় হয়।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইয়োন সুক-ইয়োল চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হওয়ারও ইঙ্গিত দেন তিনি।

সূত্র: বিবিসি