পাকিস্তানের সদ্য ভেঙে যাওয়া পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট আরিফ আলভির কোনও চিঠি পাননি। মঙ্গলবার তিনি এই দাবি করেছেন। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের তরফ থেকে জানানো হয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব চেয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে চিঠি দেওয়া হয়েছে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির প্রধান শাহবাজ শরিফ বলেন, ‘আমি প্রেসিডেন্ট আলভির কাছ থেকে আনুষ্ঠানিক কোনও চিঠি পাইনি।’
এর আগে গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর প্রেসিডেন্ট কার্যালয়ের তরফ থেকে একটি চিঠি প্রকাশ করে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম চেয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কাছে তা পাঠানো হয়েছে।
শাহবাজ শরিফ বলেন, প্রেসিডেন্টের চিঠি পাওয়ার পর তিনি তার আইন পরামর্শক এবং বিরোধী সহযোগীদের সঙ্গে আলোচনা করবেন। তারপরে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম পাঠাবেন।
শাহবাজ শরিফ আরও বলেন, ‘কিন্তু আরিফ আলভি এবং ইমরান খান নিয়াজি সংবিধান ভঙ্গ এবং পদদলিত করেছেন। এই বিষয়ে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। পরে বাকি বিষয়গুলো দেখা যাবে।’
সূত্র: ডন