পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার বিকালে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিনের মাথায় সোমবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)-এন সভাপতি শেহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন বলে প্রতীয়মান হচ্ছে। দৃশ্যত ইমরানবিরোধী সম্মিলিত বিরোধী দলগুলোর সমর্থন পাচ্ছেন তিনি।
এদিকে পাকিস্তানের পার্লামেন্ট থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্যরা। সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটির কয়েক মিনিট আগে এই সিদ্ধান্তের কথা জানায় দলটি।
সোমবার বিকালে পার্লামেন্ট ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
পদত্যাগপত্র জমা না দিলেও প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিটিআই, যদিও এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে এ পদে মনোনয়ন দিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত পিটিআই এই নির্বাচনে অংশ না নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ।