ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি মদ খেয়ে ২৬ জনের মৃত্যু

nonameইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের শহর জাভায় ঘরে তৈরি চোলাই মদ খেয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব লোকের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এশিয়া টাইমসের প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ সোমবার জানায়, যোগজাকার্তা শহরের উত্তরে স্লিম্যানের এক দম্পতির কাছ থেকে কেনা ঘরে তৈরি মদ খেয়ে অধিকাংশ মারা গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
স্লিম্যানের পুলিশ প্রধান ইয়ুলিয়ান্তো জানান, মারা যাওয়া অধিকাংশই শিক্ষার্থী। গত বুধবার প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়ার পর অন্যদের খবর জানা গেছে। পুলিশ ওই দম্পতিকে আটক করেছে। ধারণা করা হচ্ছে,  তাদের তৈরি মদ খেয়ে ২২ জন মারা গেছেন। আরেকজনের তৈরি মদ খেয়ে বাকি ৪ জনের মৃত্যু হয়েছে। তাকেও গ্রেফতার করা হয়েছে।

মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় এর আগেও চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০১৪ সালে জাভায় নতুন বছর উদযাপনকালে অতিরিক্ত মদ খেয়ে ১২ জনেরও বেশি মারা গেছে। বালিদ্বীপে ২০০৯ সালে তালের রসের তৈরি মদ খেয়ে মারা গেছে ২৫ জন। এদের মধ্যে চারজন ছিলেন বিদেশি।

গতবছর কর্তৃপক্ষ মদ বিক্রির ক্ষুদ্র দোকানপাটের ওপর নিষেধাজ্ঞা জারি করে।  

/এএ/