সিরিয়ায় ত্রাণ পাঠানোর ঘোষণা জাতিসংঘের

গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কিছু অবরুদ্ধ এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ বিতরণ শুরুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক শক্তিগুলোর ঐক্যের ভিত্তিতেই এ ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আহমেদ ফয়েজি।

তিনি বলেন, ‘আশা করছি শনিবার থেকেই এই ত্রাণ বিতরণের কাজ শুরু করা যাবে।’

noname

সিরিয়ার চলমান সংঘাতবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হওয়ার পরই এ ঘোষণা দিলো জাতিসংঘ।

জাতিসংঘ বলছে, গৃহযুদ্ধের কারণে এক বছরের বেশি সময় ধরে সিরিয়ার বেশকিছু শহরের বাসিন্দারা মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন। এ মুহূর্তে দেশটির এক কোটি ৩৫ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় রাশিয়া ও আসাদ বাহিনীর হামলায় শিশুসহ নিহত হয়েছেন অর্ধসহস্রাধিক মানুষ। গৃহহীন হয়েছেন ৫০ হাজারেরও বেশি।

সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্স জানিয়েছে, সিরিয়ায় গত ৫ বছর ধরে সরকারি বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে চলমান গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৪ লাখ ৭০ হাজার মানুষ। আর গৃহযুদ্ধে মানুষের গড় আয়ু প্রায় ১৫ বছর কমে গেছে।

সেন্টার ফর পলিসির প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মার্চে সিরিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ার পর দেশটির মোট জনসংখ্যার সাড়ে ১১ শতাংশ মানুষের প্রাণহানি হয়েছে কিংবা তারা আহত হয়েছেন। সিরিয়ার গৃহযুদ্ধে আহত মানুষের সংখ্যা ১৯ লাখ।

২০১৫ সালে সিরিয়ায় প্রত্যাশিত গড় আয়ু কমে ৫৫.৪ এ দাঁড়িয়েছে। ২০১০ সালে দেশটির মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর। এছাড়া ৫ বছরের গৃহযুদ্ধে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫৫ বিলিয়ন ডলারে।

প্রতিবেদনে বলা হয়, গৃহযুদ্ধে নিহতদের মধ্যে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে সংঘাতের কারণে। আর অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ওষুধ ও খাদ্য স্বল্পতা এবং বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার মানুষ। সূত্র: বিবিসি।

/এমপি/