৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

মিয়ানমারে ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে ৯৮ বিদেশিসহ ৩ হাজার ১১৩ বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। এক বিবৃততে সোমবার (১৭ এপ্রিল) এ কথা জানায় দেশটির সেনাবাহিনী। তবে কাদের মুক্তি দেওয়া হবে বিবৃতিতে তা উল্লেখ করেনি।

ক্ষমতা দখল করার পর হাজার হাজার বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীকে জেলে ঢুকিয়েছে সেনাবাহিনী। অন্তত ৩ হাজার ২৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করে নৃশংসভাবে বিক্ষোভ দমন করেছে তারা।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অং লিন ডুয়ে বলেন, ‘মিয়ানমারে নববর্ষ উদযাপন আনন্দ বয়ে আনে। এই সাধারণ ক্ষমা সেই আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বলছে, অভ্যুত্থানের বিরোধিতা করার জন্য গ্রেফতার হওয়া অন্তত ১৭ হাজার ৪৬০ জনকে আটক রাখা হয়েছে।

গ্রেফতারের এই তালিকায় আছে শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেতা অং সান সূচি। সামরিক শাসনের বিরোধিতাকারী এই নেতা অনেকগুলো অপরাধের দায়ে ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন।    

২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী তার বেসামরিক সরকারের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যদেরও কারাগারে পাঠিয়েছে।

সূত্র: আল জাজিরা