ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে আলোচনায় বিশেষ দূত পাঠাবে চীন

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সৌদি আরবে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আলোচনায় চীনের ইউরেশিয়া-বিষয়ক বিশেষ দূত লি হুই অংশগ্রহণ করবেন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ইউক্রেনের সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ইউক্রেনীয় ও পশ্চিমা কূটনীতিকরা আশা করছেন, চলতি সপ্তাহে সৌদি শহর জেদ্দায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ভবিষ্যতের শান্তির জন্য মূল নীতিগুলোতে একমত হবে। এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন এই উদ্যোগটি শান্তি মীমাংসার জন্য তার প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে আগামীতে একটি শীর্ষ শান্তি আলোচনার দিকে নিয়ে যাবে।

চীন যদি ইউক্রেনীয় শান্তি প্রস্তাবকে সমর্থন করে তাহলে কিয়েভ ও পশ্চিমাদের জন্য এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং আগ্রাসনের নিন্দা করার জন্য আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে চীন। জুনের শেষের দিকে কোপেনহেগেনে আগের দফা আলোচনায় চীনকে আমন্ত্রণ জানানো হলেও দেশটি তাতে যোগ দেয়নি।